বগুড়া ব্যুরো :
বগুড়ায় দশম শ্রেণির ছাত্র ফাহিম হোসেন (১৮) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেপ্তার আসামির নাম রাব্বী মিয়া (১৯)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি ইউনিয়নের সাতগ্রামের রুস্তম আলীর ছেলে। রাব্বী পেশায় নির্মাণশ্রমিক। তিনি মা-বাবার সঙ্গে শহরের চকফরিদ কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
জবানবন্দিতে রাব্বী বলেন, ফাহিমের সহপাঠী তরিকুল ইসলাম ফাহিমকে হত্যায় তাঁদের ভাড়া করেন। তরিকুলের কাছ থেকে ৫০০ টাকা কেড়ে নেওয়ার জেরে ফাহিমকে হত্যা করা হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফাহিমকে হত্যা করা হয়। ফাহিম শহরের ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং চকফরিদ কলোনি এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
এ হত্যাকাÐের ঘটনায় ফাহিমের বাবা ফরহাদ হোসেন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এতে রাব্বীর নামও উল্লেখ করা হয়। অন্য আসামিরা হলেন লতিফপুর কলোনি এলাকার মো. সীমান্ত (২১), লতিফপুর কলোনি এলাকার তরিকুল ইসলাম (১৯), গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাগ্রামের জাকির হোসেন (২০) এবং শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের শ্রাবণ (১৯)। এতে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শহরের বনানী ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী বলেন, গতকাল রাতেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. রাব্বীকে চকফরিদ কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাব্বী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে রাজি হওয়ায় তাঁকে বুধবার বিকেলে আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাব্বী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, পূর্ববিরোধের জেরে ৬ ফেব্রæয়ারি ফাহিম সহপাঠী তরিকুলের কাছ থেকে ৫০০ টাকা কেড়ে নেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতÐা হয়। সহপাঠী ফাহিমের ওপর বদলা নিতে তরিকুল বন্ধুদের ভাড়া করেন। তরিকুলের হয়ে সীমান্ত, রাব্বীসহ কয়েকজন ফাহিমকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, ফাহিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মো. রাব্বী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
আদালতে হত্যা মামলার আসামির জবানবন্দি : বগুড়ায় ৫০০ টাকা কেড়ে নেওয়ার জেরে ফাহিমকে হত্যা করা হয়
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
































