জাহিদুল ইসলাম জাহিদ, হিলি প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ১০পিস স্বর্ণের বারসহ মেহেদি হাসান (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ মার্চ) সকালে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকা থেকে মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। পাচারকারকারী মেহেদী হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের আবু তোরাব হোসেনের ছেলে।
বিজিবি জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্নের বার নিয়ে একজন মোটরসাইকেল যোগে হিলির হাড়িপুকুর সীমান্তের দিকে যাচ্ছে এমন সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে হিলির মংলা বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তের সাতকুড়ি রেলগেটে অবস্থান নেয়। এসময় মোটরসাইকেলটি সামনে আসলে থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০পিস স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের ওজন ১ কেজি। যার মূল্য ১ কোটি ১২ লাখ টাকা।
এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে পাচারকারী মেহেদীকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।


































