বগুড়া ব্যুরো :
বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বোন নিহত ও ভাই আহত হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি বেগম (২৫) ও আহত সালমান (৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাখাওয়াত হোসেনের মেয়ে ও ছেলে।
বগুড়া মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই লালন জানান, তারা দুই জন আপন ভাই-বোন মহাস্থান মাজার ঘুরতে এসে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শিকার হন। একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। এরপর লোকজন বৃষ্টি বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং এবং আহত সালমানকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় বৃষ্টি মারা যায়। ময়না তদন্তের জন্য বৃষ্টির মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মহাস্থানে ট্রাক চাপায় বোন নিহত, ভাই আহত
ডিসেম্বর ২০, ২০২৪


































