বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে দাখিল পরীক্ষার ইংরেজী ১মপত্রের পরীক্ষা চলাকালে আলিয়ারহাট কেন্দ্রের পার্শে¦ প্রশ্নের উত্তরপত্র ফটোকপি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার হাতে নাতে আটক করে এ আদেশ দেন।
জানা যায়, আলিয়ারহাট ডিইউএস ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পার্শ্বে আলিয়ারহাট বাজারের মা স্টুডিও অ্যান্ড ফটোকপির দোকানের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম (২৭)কে এ সাজা দেওয়া হয়। আতিকুল ইসলাম উপজেলার সোনাদেউল গ্রামের শাহজাহান আলীর ছেলে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, প্রশ্নপত্রের উত্তর তার দোকানে ফটোকপি করার সময় ওই ফটোকপির দোকানিকে হাতেনাতে আটক করে এ সাজা দেওয়া হয়। পরিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

































