বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশানের চত্বর থেকে এক নারী লাশের মাথা কেটে নিয়ে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই নারীর নাম গোলাপী সরকার (৫৩)। তিনি শেরপুর শহরের উত্তরসাহা পাড়া মহল্লার লক্ষ্মীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পৌর শহরের করতোয়া নদীর তীরে উত্তরসাহা পাড়া মহল্লার মধ্যে এই মহাশ্মশান। শ্মশানটি শেরপুর পৌরসভার অধীনে। পৌরসভা থেকে শ্মশানটি দেখভাল করা হয়ে থাকে।
এই শ্মশানের কেয়ারটেকার প্রমোদ সরকার বলেন, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দিবাগত রাতে শ্মশান চত্বরে ভিতরে দুর্বৃত্তরা শ্মশানের ভিতরে প্রবেশ করে গোলাপী সরকারের সমাধি খুঁড়ে সেই লাশের মাথা কেটে চুরি করে নিয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ছয়টায় এই দৃশ্য তিনি দেখে লাশের পরিবারের খবর দেন।
সুরেশ সরকার বলেন, তাঁর স্ত্রী গোলাপী সরকার ১৬ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। তাঁর স্ত্রীর লাশ মহাশ্মশানের সমাধিস্থ করেন। দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর সমাধি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে যাবে তা তিনি কল্পনাও করতে পারেন না। দুপুরে শুক্রবার পুনরায় এসে তাঁরা সমাধিস্থলের গর্তটি মাটি দিয়ে ভরাট করেন।
শ্মশানের সমাধিস্থল খুঁড়ে মৃত নারীর মাথা কেটে নিয়ে যায় খবরের সংবাদ ছড়িয়ে পড়ে শহরের মধ্যে। এ সংবাদে শহরের বিভিন্ন মহল্লার দুইশতাধিক নারী- পুরুষ সমাধিস্থলে আসেন তাঁদের বংশের মৃতর সমাধিস্থল দেখতে। সমাধিস্থল থেকে মৃতর মাথা কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
শহরের বিভিন্ন মহল্লার একাধিক ব্যক্তি বলেন, শেরপুর উত্তর বাহিনী মহাশ্মশানে শেরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলা অনেকের লাশ এই শ্মশানে সৎকারের জন্য নিয়ে আসা হয়ে থাকে। শ্মশানে সমাধিস্থল থেকে লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম।
উত্তরবাহিনী মহাশ্মশানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস। তিনি বলেন, এই প্রথম এই শ্মশান চত্বর থেকে দুর্বৃত্তরা সমাধি খুঁড়ে মৃতের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
এদিকে এ ঘটনা নিয়ে নিহত গোলাপী সরকারের ছেলে রঞ্জিত সরকার বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ নিয়ে পুলিশি তদন্ত হবে। এ ঘটনার সাথে কারা জড়িত তা শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার মহাশ্মশানে কবর খুড়ে লাশের মাথা কেটে চুরি
নভেম্বর ৯, ২০২৪
































