বগুড়া ব্যুরো :
আসছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার সনাতন ধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি (দেওয়ালী) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মাত্র একদিন পরেই অমাবশ্যার রাতে এই পূজা ও উৎসব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান এই উৎসবকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামে। দুইশ বছরের ঐতিহ্যবাহী উত্তরাঞ্চলের সর্ববৃহৎ প্রতিমা দিয়ে শ্যামাপূজা উপলক্ষে সেখানে তিন দিনের মেলারও আয়োজন চলছে।
শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে সাদুল্যাপুর গ্রামে সাড়ে ৭ হাত উচ্চতার (প্রায় ১২ ফুট) প্রতিমা তৈরি কাজ চলছে। মালাকার হারাধন মোহন্ত টানা ২৮ বছর ধরে এই মন্ডপের প্রতিমা তৈরি করেন। তবে তিনি অসুস্থ হওয়ায় গতবছর থেকে কালী প্রতিমা তৈরি করছেন গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল সরকার। আগামী বুধবারের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিপুল সরকার।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুইশ‘ বছর ধরে শিবগঞ্জের সাদুল্যাপুর গ্রামে এই পূজা হয়ে আসছে। মূলতঃ পূজাস্থানের নাম মধুগঞ্জেশ্বরী হলেও সর্বসাধারণের কাছে তা মধুশ্বরী বলে পরিচিত। এছাড়া সেখানকার পূজা ও উৎসবের আকার বিশাল ও ভিন্ন। অন্যস্থানের চেয়ে এখানে স্থান লুট(পূজার প্রসাদ লুট) ও পাঁঠা লুটের আয়োজন হয়ে থাকে। একারণে উত্তরাঞ্চলের জেলাগুলো ছাড়াও ভারত নেপাল ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলো থেকেও প্রচুর ভক্ত ও দর্শনার্থীরা আসেন পূজা দেখতে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন আগে শিবগঞ্জ উপজেলার গুজিয়ার জমিদার মধুসুদন ভাদুরি প্রথম এই শ্যামা পূজার আয়োজন করেন। পরবর্তীতে জমিদার মধুসদন না থাকলেও তার অবর্তমানে রমন বিহারি সরকার, তার ছেলে রমেশ চন্দ্র সরকার, লব চন্দ্র সরকার ও কুশ চন্দ্র সরকার বংশপরম্পরায় পূজা করছেন। প্রতিবছর এই পূজায় ৪ থেকে ৫শ পাঁঠা বলি হয়। বর্তমানে সেবাইতের দায়িত্ব পালন করছেন নারায়ণ চন্দ্র সরকার। পূজা পরিচালনার দায়িত্বে আছেন নারায়ণ সরকারের ছেলে প্রভাষক নয়ন কুমার সরকার।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত জানান, দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা মা কে দর্শনের জন্য এখানে আসেন। এই পূজায় সরকারি সহযোগিতা নেই বললেই চলে। তারপরও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ঐতিহ্যবাহী এই পূজা মহাসমারোহেই হয়ে আসছে।
শিবগঞ্জ থানার ওসি আবদুল হান্নান জানান, সাদুল্যাপুরে ঐতিহ্যবাহী শ্যামাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
৩১ অক্টোবর শ্যামাপূজা : বগুড়ায় ১২ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি হচ্ছে : শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামে দুইশ বছরের ঐতিহ্যবাহী উত্তরাঞ্চলের সর্ববৃহৎ প্রতিমা দিয়ে শ্যামাপূজা উপলক্ষে সেখানে তিন দিনের মেলারও আয়োজন চলছে।
অক্টোবর ২৯, ২০২৪


































