বগুড়া ব্যুরো :
বগুড়ায় আদালত চত্বর থেকে শাহিদ ওরফে মিরপুর (২০) নামে এক আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শাহিদ ওরফে মিরপুর (২০) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চাঁনপাড়া এলাকার নুর আলম ওরফে নুরবাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম। তিনি বলেন, তাকে ফের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় স্থানীয় জনতা শাহিদকে আটক করে। এরপর সদর ফাঁড়ির এএসআই নুরুজ্জামান ফোর্সসহ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে। কিন্তু আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থান থেকে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় সন্ধ্যা ৬টার দিকে সে দৌড়ে পালিয়ে যায় ।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আবারো আটক করা হবে।”এ ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও পুলিশের গাফিলতি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আমন্ত্রণ/এজি
ডিসেম্বর ১২, ২০২৫
































