মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিরল প্রজাতির একটি কচ্ছপ বাড়িতে রাখার দায়ে এক কৃষককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের মহলবাড়ি এলাকা থেকে প্রায় ১১ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিমাই চন্দ্র (৫০) নামের ওই কৃষককে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ জরিমানা করেন। অভিযানে উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে কুলিক নদী থেকে এক জেলের কাছ থেকে কিনে বাড়িতে নিয়ে আসেন নিমাই চন্দ্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন কচ্ছপটি উদ্ধার করে।
এ বিষয়ে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৯ ধারায় নিমাই চন্দ্রকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে সেটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
আমন্ত্রণ/পিজিএস


































