জাহিদুল ইসলাম জাহিদ, হিলি :
দিনাজপুরের হিলি সীমান্তে শ্যামা কালীপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা। এসময় তারা একে অপরকে মিষ্টিও উপহার দিয়েছেন। স্থানীয় বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে হিলি চেকপোস্টের সীমান্ত পিলার ২৮৫/১১নং সাব-পিলারের কাছে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নাঈমুল ইসলাম জানান, বিএসএফের হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোবি সিংয়ের হাতে আমাদের তরফ থেকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এছাড়া তাদের ধর্মীয় উৎসব শ্যামা কালী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছেন।
তিনি আরও জানান, আমরা উভয় বাহিনী সীমান্তে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করে থাকি। কোন সমস্যা সৃষ্টি হলে আমরা তাৎক্ষনিক সমাধানের চেষ্টা করি। এতে করে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে। এমন কর্মকান্ডের ফলে দুই বাহিনীর মাঝে বিরাজমান সু-সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করি।
আমন্ত্রণ/এসিজি
হিলি সীমান্তে “মিষ্টি” সম্প্রীতি
নভেম্বর ১, ২০২৪






























