গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলি চুড়িপট্টি এলাকায় মাদকের টাকা জোগাড় করতে এক মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে নিজের নবজাতক শিশুর ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেও সুস্থ-সবল অবস্থায় জন্ম নেওয়া শিশুটির একটি হাত কেটে এবং একটি পা পুড়িয়ে প্রতিবন্ধী করে ভিক্ষা বা অর্থ উপার্জনের পথ তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং অর্থের অভাবে প্রায়ই অসংলগ্ন আচরণ করতেন। শিশুটির ওপর এমন নির্মম নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন মহল বলছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আমন্ত্রণ/এজি


































