প্রদীপ মোহন্ত, বগুড়া প্রতিবেদক :
মোটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমিনুল ইসলাম বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামী। বুধবার জেলা জজ আদালতে ওই মামলার অভিযোগপত্র গ্রহণ এবং অভিযোগ গঠনের শুনানী ছিল।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ওই বছরের ১৬ এপ্রিল নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদি হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় বগুড়া মোটর মালিক গ্রæপের চলমান বিরোধ নিয়ে শাহীনকে হত্যা করা হয়।
মামলাটি দীর্ঘ তদন্তকালে জড়িত কয়েকজনকে গ্যেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে আমিনুল ইসলামের নাম আসে। পরে তাকে প্রধান আসামী করে পুলিশ চার্জশীট দাখিল করে। জেলা জজ আদালতে অভিযোগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত আমিনুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
বুধবার শাহীন হত্যা মামলার শুনানী শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এসময় আদালতে উপস্থিত আমিনুল ইসলামের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
হত্যা মামলায় বগুড়া মোটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক কারাগারে
মার্চ ৩০, ২০২৪
































