কাশী কুমার দাস, দিনাজপুর :
যথাযোগ্য মর্যাদায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রনেতা শাহজাহান সিরাজ এর ৪১ তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরে পালন করেছে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
১৯৮৪ সালের রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুরের কৃতি সন্তান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রথম দিনে তৎকালীন বিডিয়ারের গুলিতে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শহীদ হন ছাত্রনেতা শাহাজাহান সিরাজ।
শহীদ শাহজাহান সিরাজের গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ীতে জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম শহীদুল্লাহ নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালি শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম শহীদুল্লাহ, জাসদ নেতা মো. সাইফুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সভানেত্রী মায়া রাণী অভি, জাতীয় নারী জোটের জেলা সভাপতি এলমা লতিফ শিল্পি সহ শহীদ শাহাজাহান সিরাজের ছোটভাই জাসদ নেতা অ্যাড. নাজমুল ইসলাম প্রমুখ।
জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম শহীদুল্লাহ বলেন, আমরা ১৯৮৪ সালে এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের দিনাজপুরের কৃতি সন্তান ছাত্রনেতা শাহাজাহান সিরাজকে হারিয়েছি। তার আদর্শ এবং দলের প্রতি কর্তব্য আগামী প্রজন্ম নেতাকর্মীদের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামী হওয়ার সাহস জোগাবে। এই ঘটনা তৎকালীন সময় দেশব্যাপী ছাত্র-শ্রমিক সংহতির এক উজ্জল দৃষ্টান্ত গড়ে উঠে ইতিহাসের পাতায়।
আমন্ত্রণ/এজি
স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ শাহাজাহান সিরাজের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত
ডিসেম্বর ২২, ২০২৫
































