বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতার লোকজনের হামলায় যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) নিহতের ঘটনা ঘটেছে।
গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার পাকুল্লা বাজারে হামলায় গুরুতর আহত রাশেদুলকে ভর্তি করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। গত ৭ ফেব্রæয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে রাশেদুলের ওপর হামলা চালানো হয়। রাশেদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা হান্নান ও তার সহযোগীদের চার-পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিহত রাশেদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য।
স্থানীয়রা জানান, পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকাবাসী তিন পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান। অন্য দুইটি পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন এবং জামায়াত মাজেদুর রহমান জুয়েল। এই বিভক্তি থেকে ৭ ফেব্রæয়ারি সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েল ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে পাকুল্লা বাজারে মহড়া দেন।
ওই দিন হান্নান দাবি করে ছিলেন, জুয়েল তার বাড়িতে আক্রমণ করতে যান। তাদের মোটরসাইকেল বহরে যুবদল নেতা রাশেদ ছিলেন। জুয়েল ফিরে যাওয়ার পর কে বা কারা রাশেদুলের ওপর হামলা চালায়।
বিএনপি নেতা আলী হাসান বলেন, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর (হান্নান) নেতৃত্বে তার লোকজন ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে রেখে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই পিটিয়ে গুরুতর আহত করা হয় রাশেদুলকে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবি বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তারই জের ধরে রাশেদ নামের একজনকে মারধর করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় রাশেদ মারা গেলে বাটালু (হান্নান) ও তার লোকজনের ৪-৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাশেদুল মারা যাওয়ার খবরে পাকুল্লা বাজারে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধ বগুড়ার সোনাতলায় যুবদল নেতা নিহত
ফেব্রুয়ারি ১৫, ২০২৫


































