রিমন আহম্মেদ, সোনাতলা (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার সোনাতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়েছে এক বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ও ব্যবসায়িক গোডাউন। বাড়ির ৩টি ঘরের আসবাবপত্র ও গোডাউনে থাকা মুদি দোকানের জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৯ জানুয়ারি)সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা জাহেদুল বারী মুন্নুর বসতবাড়িতে।
এ ব্যাপারে মৃত মুন্নুর ছেলে মামুন ও রিমন জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।পড়নের কাপড় -চোপড় ছাড়া সবই শেষ। তারা এখন একেবারেই নি:স্ব।
সংবাদ পেয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা ও শীতবস্ত্র সহায়তা প্রদান করেন। এ সময় বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ক্ষতিগ্রস্থ পরিবারের মুশফিকুল আলম সিজু,বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে মামুন ও রিমনের বাড়ির ৩টি ঘরে ও গোডাউনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে স্থানীয় প্রক্রিয়ায় আগুন নেভানোর চেষ্টা করে। এরইমধ্যে সংবাদ পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু শেষ।
এ ব্যাপারে সোনাতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এতেকরে আশেপাশের আরো কয়েকটি বাড়ি আগুন থেকে রক্ষা পেয়েছে। আগুনের সূত্রপাত বিষয়ে তিনি জানান, আমরা প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা প্রদান করেছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসক বরাবরে আবেদন করার পরামর্শ দিয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করা হবে।
আমন্ত্রণ/এসিজি
সোনাতলায় আগুনে পোড়া নিঃস্ব বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা
জানুয়ারি ২০, ২০২৫






























