বগুড়া ব্যুরো :
বগুড়ার নবাগত পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলায় সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। তিনি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে সবার সহযোগিতা কামনা করেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকেরা শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আলোচনায় গুরুত্ব পায় গত ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, শহরের তীব্র যানজট নিরসন এবং করতোয়া গেটলক বাসের যত্রতত্র চলাচল বন্ধের বিষয়টি। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বগুড়া শহরের অন্যতম প্রধান সমস্যা এখন যানজট। বিশেষ করে শহরের ভেতর দিয়ে বড় বাস চলাচল ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি জনসাধারণের সচেতনতাও জরুরি।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স -বগুড়ার নবাগত পুলিশ সুপার
এপ্রিল ৭, ২০২৬


































