আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
দেশের ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় ছিল নারী বিপিএল। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় ধরনের পরিবর্তনের খবর জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী এপ্রিলে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে তা তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নারী ফ্র্যাঞ্চাইজি লিগ।
প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টের সময়সীমা নির্ধারণ করেছিল বিসিবি। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর বোর্ড সেই অবস্থান থেকে সরে এসেছে।
বিসিবি জানিয়েছে, অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং মানসম্মত স্কোয়াড গঠনের সুযোগ দিতেই এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটার আনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাতে মালিকপক্ষ বিসিবির কাছে বাড়তি সময় চেয়েছিল।
বিপিএল পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের জুনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বিসিবি জানায়, বিশ্বকাপের পরপরই বিপিএল আয়োজন করলে মানসম্মত বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ অনেক বাড়বে।
এদিকে, টুর্নামেন্টের নতুন পরিকল্পনায় যুক্ত হয়েছে নতুন ভেন্যু। ডব্লিউবিপিএলের প্রথম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২১ জুলাই মিরপুরের হোম অফ ক্রিকেটে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।


































