রাণীশংকৈল সংবাদদাতা :
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল থেকে নিখোঁজের তিনদিন পর ময়মনসিংহ একটি খামার থেকে চারজন মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) উপজেলার হালুয়াঘাট কলাপাগলা আবাসিক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ছাত্ররা হচ্ছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৫), রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪), ফড়িংগাদিঘি গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪) ও টাঙাগজ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)। তারা সকলেই উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
জানা গেছে, গত শনিবার (৬ জুলাই) মাদ্রাসার ছাত্ররা নিখোঁজ হলে সুপার রমজান আলী জিডি করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের নির্দেশে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, চার ছাত্র পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালিয়েছিল বলে তারা জানায়। তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
রানীশংকৈল থেকে নিখোঁজের তিনদিন পর চার মাদ্রাসা ছাত্র উদ্ধার
জুলাই ১০, ২০২৪
































