সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
দেশে চলমান জ্বালানি সংকট নিরসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ।
আজ রোববার (২৯ মার্চ)দুপুরে উপজেলা পরিষদের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও জেলা পর্যায়ে তা বাস্তবায়ন হলেও স্থানীয় পর্যায়ে যথাযথভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে খোলা বাজারে বিক্রি করছে, ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ফলে সাধারণ মানুষদের জটিলতার মুখোমুখি হতে হয়, যা সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিষয়ে অভিযোগ করে তিনি এ সময়ে বলেন, রাণীশংকৈল উপজেলার পিআইও নুরনবী সরকার এখানে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুর্নীতি এবং জনপ্রতিনিধিদের হুমকিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন।যা মোটেও কাম্য নয়। আমরা রাণীশংকৈল বাসী এ কর্মকর্তার এসব কর্মকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, জ্বালানি তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালু রয়েছে।
আমন্ত্রণ/এজি
রাণীশংকৈলে পিআইও’র অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন
মার্চ ২৯, ২০২৬
































