আমন্ত্রণ ডেস্ক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান চালিয়ে ৮৪৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৭১ জন শীর্ষ মাদক কারবারি ও ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার রয়েছেন বলে দাবি ডিএনসির। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসি বলছে, এসব অভিযানের ঘটনায় পৃথক পৃথক থানায় ৭৬২টি মাদক মামলা করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক।
ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ, চিকিৎসা ও পুনর্বাসন) মুহাম্মদ খালেদুল করিম বলেন, অভিযানকালে ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, ৯ রাউন্ড গুলি, ৯টি বিভিন্ন যানবাহন এবং ১৭ লক্ষ ১৭ হাজার ৭৭০ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে।
আমন্ত্রণ/এসিজি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২১ দিনের দেশব্যাপী অভিযানে শীর্ষ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮৪৬
সেপ্টেম্বর ২৭, ২০২৪
































