বগুড়া ব্যুরো ও সারিয়াকান্দি প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাহিমা আক্তার (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফাহিমা উপজেলার দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
ফাহিমার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টার দিকে ফাহিমা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত ভিক্টিমের মরদেহ নিয়ে কোনো অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশু শিক্ষার্থীর মৃত্যু
অক্টোবর ১৩, ২০২৪
































