গোপাল মোহন্ত, আমন্ত্রন প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৪৯ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো: মামুন খান এই মামলা দায়ের করেন। মামলার অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামী করা হয়েছে।
এছাড়াও মামলা উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, পৌর সভার সাবেক মেয়র মুকিতুর রহমান রাফিসহ ছাত্রলীগের আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর রয়েছেন।
মামলার এজাহারে মামুন খান উল্লেখ করেন, গোবিন্দগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে গত ১৭ জুলাই (বুধবার) বিকাল ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার সাফিয়া আছাব বিপিএড কলেজ মাঠ থেকে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের ডাকে ৭০০-৮০০ ছাত্র জনতা একটি প্রতিবাদ মিছিল নিয়ে শহরে আসার পথে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সেময় রাজমতি সুপার মার্কেটের সামনে পূর্ব-পরিকল্পনা মাফিক এজাহার নামীয় আসামিগণসহ ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামী লাঠি, লোহার রড, দেশীয় পিস্তল, রাম-দা, চাইনিজ কুড়াল, চা-পাতি, বার্মিজ চাকু, হকিস্টিক, ইট ও পাথরের টুকরা ভর্তি চটের ব্যাগ নিয়ে অতর্কিতভাবে নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোনসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, একজন শিক্ষার্থী বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
অক্টোবর ৪, ২০২৪


































