প্রদীপ মোহন্ত, বগুড়া :
সারা দেশের মতো বগুড়াতেই বিএনপি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। ১৮ মে দলীয় কার্যালয়ে দলটি এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মুলত তরুণদের টার্গেট করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিএনপি। পুরোনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যে দলের হাইকমান্ড এ কর্মসূচি হাতে নিয়েছেন।
বগুড়ার উপজেলা ও পৌর কমিটি মিলে ২৪টি সাংগঠনিক শাখায় প্রায় আড়াই লাখ নতুন ও পুরাতন সদস্যকে সংগ্রহ ও নবায়ন করা হবে। ১৫ বছর ধরে যারা প্রকাশ্যে বা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেননি, বিশেষ করে তরুণ ভোটার, তাদের টার্গেট করে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দলটির বগুড়ার শীর্ষ নেতারা। প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের জন্য ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, সদস্য ফরম নবায়ন কমিটির সদস্যসচিব এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ‘আমরা সারা দেশে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। এ কর্মসূচির মাধ্যমে পুরোনো সদস্যরা নতুন করে সদস্যপদ নবায়ন করবেন। ১৫-১৬ বছর ধরে যে নতুন প্রজন্ম ভোট দিতে পারেননি, নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারেননি; যেসব তরুণ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন এবং সমর্থক তারা এ সদস্য ফরম পূরণ করবেন। তরুণদের বিশাল একটি অংশ এ সদস্য ফরম পূরণের মাধ্যমে বিএনপিতে সক্রিয় হবেন এবং বিএনপিকে তুলে ধরবেন বলে আমাদের বিশ্বাস।’
দলটির একাধিক নেতারা বলছেন, ‘আমাদের যারা পুরোনো সদস্য রয়েছেন তাদের সদস্য ফরম নবায়ন করা হবে। পাশাপাশি নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। নতুন সদস্য সংগ্রহে আমরা লক্ষ রাখছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো সদস্য যেন অন্তর্ভুক্ত না হয়। তাদের যারা সদস্য করবেন সংশ্লিষ্ট ইউনিটকে শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এলাকার তরুণ, যারা নতুন ভোটার হয়েছেন তাদের দলে অন্তর্ভুক্ত করার। এলাকায় পরিচ্ছন্ন ও ক্লিন তরুণ, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সংশ্লিষ্টতা নেই তাদের সদস্য করা মূল টার্গেট থাকবে।’
এ প্রসঙ্গে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের নতুন-পুরাতন মিলে ৪০ হাজার সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ দেয়া হবে। তিনি বলেন, সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমকে দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হচ্ছে। কারণ বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে পুনর্গঠনের এটি একটি প্রয়াস। এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করবো বিএনপি জনগণের দল হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, শিবগঞ্জ উপজেলায় মোট ২৫ হাজার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করা হবে। এতে উপজেলার ১১৭টি ওয়ার্ড এবং ৬০০টি গ্রামের প্রত্যেকটিতে ৪০ জন করে নতুন সদস্য বিএনপিতে অন্তর্ভুক্ত করা হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, জেলার ২৪টি সাংগঠনিক কমিটির মাধ্যমে প্রায় আড়াই লাখ সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হবে। আমাদের অগ্রাধিকার থাকবে তরুণদের বিষয়ে, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন এবং এলাকায় যারা সজ্জন-ক্লিন ইমেজের তরুণ রয়েছেন তাদের সদস্য করার জন্য। বিএনপির সদস্য হওয়া গৌরবের, এ মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ বিএনপির রাজনীতি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তরুণ প্রজন্ম বিএনপির সঙ্গে যুক্ত হবেন বলে আমরা আশাবাদী।’ তিনি বলেন, প্রয়োজন হলে পরবর্তীসময়ে আরও নতুন সদস্য নেওয়া হবে।
উল্লেখ্য, ১৫ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সারা দেশের জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্যসচিবকে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
বিএনপির টার্গেট তরুণরা বগুড়ায় বিএনপির আড়াই লাখ সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান শুরু
আগস্ট ১৪, ২০২৫


































