বগুড়া ব্যুরো :
ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে। সঠিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে দায়মুক্তি দিতে হবে। জেল, জুলুম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আমরা বর্তমান অবস্থায় এসেছি। নতুন যারা দল গঠন করেছে তারা মনে করেন তারাই দেশকে স্বাধীন করেছে। কিন্তু তাদের সেই ধারণা ভুল। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বের দেশ স্বাধীন হয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলো তারাই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছে বিষয়টি এমন নয়। আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিলো আন্দোলনের মূল লক্ষ্য’।
আজ শুক্রবার (১৪ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
প্রধান অতিথি ইশরাক হোসেন আরও বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। একমাত্র বিএনপিই পারে শেখ হাসিনার বিচার করতে। কারণ শেখ হাসিনা গণহত্যাকারী, বিগত ১৭ বছর ধরে লড়াই সংগ্রামে বিএনপি রাজপথের সাহসী সৈনিকের ভ‚মিকা পালন করছে।
মীর শাহে আলম বলেন, জামায়াতের নেতারা বিএনপির সমালোচনা করে। অথচ বেগম খালেদা জিয়াই জামায়াত নেতাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। জিয়াউর রহমান জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এখন তারা সব ভুলে গেছেন।
ইফতার মাহফিলে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।
আমন্ত্রণ/এসিজি
বর্তমান অন্তবর্তী সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে -বগুড়ায় ইশরাক হোসেন
মার্চ ১৪, ২০২৫
































