সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
কুরবানির ঈদের ছুটিতে চা দোকানির ক্ষণস্থায়ী দোকান ভেঙ্গে সেই হাটের জায়গা নিজের দখলে নিলো আরেক দোকানদার। এমন গায়ের জোর করে দোকান দখলের ঘটনা ঘটে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বড় সাপ্তাহিক হাট নেকমরদে। এমন অভিযোগ এক চায়ের দোকানদারের। আর এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাকির খন্দকার নামের এক অসহায় চায়ের দোকানদার।
অভিযোগ সূত্র এবং চা বিক্রেতা সাকির বলেন, গত ৩ বছর যাবত আমি ও আমার স্ত্রী সহকারী কমিশনার (ভূমি) এর অনুমতি সাপেক্ষে কাপড়ের চান্দুনী টাঙিয়ে চায়ের দোকান পরিচালনা করে সংসার চালাই। এ কুরবানির ঈদে আমার দোকান বন্ধ থাকায় করনাইট এলাকার রফিকুল জোরপূর্বক আমার দোকানটি ভেঙ্গে নিজের দখলে নেন।
তিনি আরও বলেন, দখলের বিষয়টি রফিকুলের কাছে জানতে চাইলে আমাকে মারপিট করার পরিস্থিতি সৃষ্টি করে বিভিন্ন প্রকারের হুমকি প্রদান করেন। কান্নাজনিত কন্ঠে সাকির জানান, বর্তমানে আমার জায়গা এবং দোকান না থাকায় অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে পারছিনা। তাই কষ্টে দিনযাপন করছি। কি করবো ভেবে পাচ্ছিনা।
এ বিষয়ে রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে জায়গাটি আমি দখল করেছি সেটা আমার ক্রয় করা জায়গা। সেই জায়গা আমি তাকে ভাড়ায় দিয়েছিলাম। এখন আমার প্রয়োজন তাই তাকে সরিয়ে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, হাটের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণের জন্য অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে সরানোর সময় দেওয়া হবে। আর সময়ের মধ্যে কাজ না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি
বন্ধ চায়ের দোকান দখল নিলো আরেক দোকানদার
জুন ২০, ২০২৫
































