বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ)আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণার পর বিএনপি-জামায়াত মনোনীত দুই প্রার্থী একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেছেন। এসময় তারা নিজেদের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী না ভেবে বাবা ছেলে হিসেবে দেখছেন।এই দুই জন প্রার্থী হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম, জামায়াতে ইসলামী মনোনীত আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘটনা ঘটে।এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, প্রভাষক নজরুল ইসলাম, আবদুল করিম, জেলা জামায়াতের নায়েব আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলম বলেন, আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নই। আমরা বাবা ছেলে মিলে ভোট করছি। মানুষ যাকে ভোট দিবেন তিনিই বিজয়ী হবেন।
জানা যায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিএনপি মনোনীত প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।
তবে যাচাই বাছাই শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ এছাড়াও গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল করা হয়।
বর্তমানে এই আসনে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
আমন্ত্রণ/এজি
বগুড়া-২ (শিবগঞ্জ) আসন মনোনয়নপত্র বৈধ হবার পর বিএনপি জামায়াতের দুই প্রার্থীর কোলাকুলি
জানুয়ারি ৪, ২০২৬


































