বগুড়া ব্যুরো:
আগামী বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) আগেই বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করা হতে পারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বগুড়া পৌরসভা এলাকা পরিদর্শন শেষে এমন কথাই জানিয়েছেন বগুড়ার মানুষকে।
যুগ্ম সচিব সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার বিভাগের বিধি অনুযায়ী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে যে আটটি শর্ত পূরণ করতে হয়, বগুড়া পৌরসভা তার সবগুলোই পূরণ করেছে। আমরা জেলা প্রশাসনের প্রতিবেদন পেয়েছি এবং সরেজমিন পরিদর্শনও সম্পন্ন হয়েছে।
এর আগে, গত ৮ জুলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে চূড়ান্ত চিঠি পাঠানো হয়। তাতে জানানো হয়েছিল, বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের সব শর্ত পূরণ করেছে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নাগরিকদের মতামতও গ্রহণ করা হয়েছে। এখন অপেক্ষা শুধু গেজেট প্রকাশের।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
পরিদর্শন শেষে তিনি বলেন, সিটি করপোরেশন ঘোষণার জন্য জনসংখ্যা, ঘনত্ব, রাজস্ব আয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানাসহ সব শর্ত পূরণ হয়েছে। আমাদের প্রতিবেদন সচিব কমিটির সভায় উত্থাপিত হবে। আশা করছি, আগামী বিজয় দিবসের আগেই ঘোষণা আসবে এটিও হবে আপনাদের আরেকটি বিজয়।
পরিদর্শন সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. মোস্তফা কামাল, নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম, প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান, পৌরসভার সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস ও এরশাদুল বারী এরশাদ প্রমুখ।
উল্লেখ্য, ১৮৭৬ সালে যাত্রা শুরু করা বগুড়া পৌরসভা ১৯৮১ সালে ‘ক’শ্রেণির মর্যাদা পায়। বর্তমানে পৌরসভার আয়তন প্রায় ৭০ বর্গকিলোমিটার, ২১টি ওয়ার্ডে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এত বড় পরিসরের পৌরসভা হওয়া সত্ত্বেও এখনও এটি সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির সীমিত বরাদ্দে পরিচালিত হচ্ছে।
সিটি করপোরেশন ঘোষণা হলে অবকাঠামো উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার পর সরকারের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে বগুড়া বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে মানচিত্রে যুক্ত হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া সিটি করপোরেশন ঘোষণা বিজয় দিবসের আগেই
অক্টোবর ২৪, ২০২৫


































