এবারও নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
বগুড়া ব্যুরো :
পবিত্র ঈদুল আজহায় বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে বা বৃষ্টি হলে একই সময়ে বিকল্প ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নিউমার্কেটসংলগ্ন কেন্দ্রীয় বড় মসজিদ এবং স্টেশন সড়কসংলগ্ন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে। তবে এবারও নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। সেখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি এবার নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রেখেছে বগুড়া পৌরসভা ও জেলা প্রশাসন।
এদিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও জেলাজুড়ে এবার ১ হাজার ৮০৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বৃহস্পতিবার এ তথ্য জানান।
ঈদুল আজহায় শহরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। তিনি বলেন, ধমীর্য় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তাবলয় থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশ মাঠে থাকবে।
আমন্ত্রণ/এসিজি
































