বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকে (৩৫) ঢাকায় গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত বছর ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, হামলা, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে এই তিন জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ শনিবার (২৪ মে) তাদের বগুড়ার আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।
আমন্ত্রণ/এসিজি


































