বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রোববার (২৫ মে) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
জুলাই-আগস্ট গণঅভুত্থ্যান চলাকালে গত বছরের ৪ আগস্টের সহিংসতার ঘটনায় দায়ের করা মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্ডকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আমিনুল ইসলাম ডাবলু (৪৫) ও জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকে (৩৫) গত শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত বছরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, হামলা, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে আমিনুল ইসলাম ডাবলুকে বগুড়া সদর থানায় এবং মাসরাফি হিরো ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ (৩৫)কে ঢাকার মামলা থাকায় পণ্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া জেলা যুবলীগের সা. সম্পাদক ডাবলু দুই দিনের রিমান্ডে
মে ২৫, ২০২৫
































