বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দিবাগত রাতে বগুড়া সদর থানার আকাশতারা মাস্টারপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আলমগীর বাদশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাত প্রায় আটটার দিকে বগুড়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গত বছরের ২২ আগস্ট সোনাতলা থানায় দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি আলমগীর বাদশা। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শেরপুরে বিস্ফোরক দ্রব্য ও হামলার মামলার উপজেলার সুঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে বাদশা (৪৯)। তাঁর বাড়ি উপজেলার আওলাকান্দি দহপাড়া গ্রামে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আওলাকান্দি চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০২৪ সালের ২ নভেম্বর শেরপুর থানায় হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি ছিলেন জাহাঙ্গীর। মামলায় হত্যা চেষ্টা, গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি বাদশা গ্রেপ্তার
মে ১৬, ২০২৫


































