বগুড়া ব্যুরো :
বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় বাঙালি নদীতে ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে এবং যমুনায় ১০ সেন্টিমিটার পানি কমেছে। এতে করে নি¤œ এলাকার স্থানীয় জাতের গাইঞ্জা ধান ও মাসকলাইয়ের ক্ষেত ডুবতে বসেছে। এরই মধ্যে ১২ হেক্টর জমির ধান ও মাসকালাই ক্ষেত তলিয়ে গেছে।
সারিয়াকান্দির যমুনা নদীতে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৩টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৭৯ মিটার। গত ২৪ ঘণ্টায় যমুনায় ১০ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ২ দশমিক ৪৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
এদিকে বাঙালি নদীর পানিও বৃদ্ধি অব্যহত রয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৩টায় এই নদীর পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ২৩ মিটার। ২৪ ঘণ্টায় এই নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৩ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে গত কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধিতে উপজেলার স্থানীয় জাতের গাইঞ্জাধান এবং মাসকলাইসহ বেশকিছু ফসল পানিতে নিমজ্জিত হতে শুরু করেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর এ উপজেলায় সর্বমোট ১৩শ হেক্টর জমিতে গাইঞ্জা ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির গাইঞ্জাধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে মাসকলাইয়ের আবাদ হয়েছে। এর মধ্যে দুই হেক্টর জমির মাসকলাই পানিতে আক্রান্ত হয়েছে। তবে বেশি ফসলহানির খবর পাওয়া গেছে সদর ইউনিয়নের নিজতিতপরল, অন্তারপাড়া চরে এবং হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া চরে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, আরও কয়েকদিন যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে পানি বিপৎসীমা অতিক্রম করার কোনও শঙ্কা নেই।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার সারিয়াকান্দিতে বাড়ছে বাঙালি কমছে যমুনার পানি, নিমজ্জিত ফসল
অক্টোবর ১, ২০২৪
































