বগুড়া ব্যুরো:
বগুড়া সদর উপজেলার মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক থেকে নগদ অর্থ, সরকারি ওষুধ এবং ইন্টারনেট সংযোগের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে। রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এই ক্লিনিক পার্শ্ববর্তী ১০ থেকে ১১টি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা।
মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) সোহেল রানা জানান, রবিবার বিকেল ৩টার দিকে ক্লিনিকের অফিস বন্ধ করা হয়। রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা গেট কেটে ভেতরে প্রবেশ করে এই কাণ্ড ঘটিয়েছে।
সোমবার সকালে তিনি ফোনের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন এবং সকাল ৭টার দিকে ক্লিনিকে এসে তা দেখতে পান।
ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আতিকুর রহমান ঘটনার বিবরণ দিয়ে বলেন, চোরেরা বাইরের গেট কেটে ভেতরে ঢুকেছিল। তারা নগদ ৫ থেকে ৭ হাজার টাকা, একটি রাউটার এবং বেশ কিছু সরকারি ওষুধ চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, জনগুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ক্লিনিকে মূলত দরিদ্র মানুষজনই সেবা নিতে আসেন। চুরির ফলে স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বর্তমানে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর বগুড়া সদর থানার এসআই শহিদুল ইসলাম শহিদ বলেন, ক্লিনিকের চুরির স্থান পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকে চুরি
নভেম্বর ২৪, ২০২৫


































