বগুড়া ব্যুরো:
বগুড়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ছাত্রদল নেতা কারিমুল হাসানকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ জুলাই) ভোরে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
কারিমুল (১৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামের বাসিন্দা। তিনি সাইক পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।রোববার(৬ জুলা্ই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।
পুলিশ জানায়, গত ৩ জুলাই কারিমুল নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর–৩১৪, তারিখ–৪ জুলাই। নিখোঁজ হওয়ার পর থেকেই সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা সমন্বিতভাবে ছায়া তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় কারিমুলের অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল। পরে এসআই মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকা থেকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিমুল জানিয়েছেন, তিনি পারিবারিক অভিমানে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যান। তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার নিখোঁজ ছাত্রদল নেতা জয়পুরহাটে উদ্ধার
জুলাই ৭, ২০২৫
































