বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিবেদক :
বগুড়ার শেরপুরে বিএনপির মিছিল ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল সন্ধ্যায় তাঁকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ওই গ্রামের কৃষ্ণ কুমার রায় চৌধুরীর ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আ. লীগ নেতা গৌরদাস রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতার দায়ের করা ওই মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাবেক দুই এমপি, তাঁদের পুত্র ও ব্যক্তিগত সহকারীসহ (পিএস) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো অনেককে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপির ওই মামলায় কোনো সাধারণ নিরাপরাধ মানুষকে হয়রানি করা হবে না। তবে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































