বগুড়া ব্যুরো :
বগুড়ার অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ১২থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃদের বেশি ভাগই স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। অভিযানে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান।
বগুড়া শহর বিএনপির অফিসে আগুন লাগানো মামলায় শহরের চেলোপাড়া ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দিনুকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
শেরপুর থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার (৯ ফেব্রæয়ারি) বিকাল থেকে দিবাগত ভোর ৬টা পর্যন্ত পৃথক তিনটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া পশ্চিম পাড়া গ্রামের গোলাম রফিক (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৭) ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম ওরফে আইয়ুব খান(৫৭)। তাঁর বাড়ি উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়াগাছি গ্রামে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি নয়। মামলার তদন্তে তাঁরা জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে নাশকতা মামলায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম গ্রেফতার করা হয়। এদিকে ধুনটে প্রবাসীর স্ত্রী দায়েরকৃত চাঁদাবাজি মামলায় আল আমিন সরকার (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রæয়ারি) রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও উত্তর নান্দিয়ার পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় ১০ গ্রেপ্তার
ফেব্রুয়ারি ১১, ২০২৫


































