গাবতলী (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার গাবতলী উপজেলায় শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে সিরাজুল ইসলাম (৪০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে স্থানীয়দের খবরের ভিত্তিতে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী গ্রামের মৃত জয়নাল মোল্লার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে কৈঢোপ গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। জীবিকার জন্য ঢাকায় শ্রমিকের কাজ করতেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, “মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিরাজুল কীটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে সিরাজুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কয়েক দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামে চলে আসেন। বুধবার সকালে শ্বশুরবাড়ির পূর্ব পাশের বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ২৪, ২০২৫
































