বগুড়া ব্যুরো :
চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও নিয়ে যাওয়ার পথে কন্টেইনার থেকে ফার্নেস অয়েল সড়কে পড়ে বগুড়া-রংপুর মহাসড়কের এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে বগুড়ার মহাস্থান হলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যান চলাচল তো বন্ধ রয়েছেই, সড়ক বিভাগ বলছে এই দুর্ঘটনার কারণে ওই এক কিলোমিটার অংশের সড়ক ড্যামেজ হয়ে গেছে, নতুন করে রাস্তার এই অংশটি আবার নির্মাণ করতে হবে।
কুন্দারহাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জান বলেন, বুধবার ভোরে বগুড়া রংপুর মহাসড়ক হয়ে ফার্নেস অয়েল বোঝাই একটি কন্টেইনার নিয়ে একটি লরি চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলো। সকাল ছয়টার দিকে মহাসড়কের গোকুল হল বন্দর এলাকায় লরিটির চাকা ফেটে গেলে লরি থেকে কন্টেইনারটি সড়কে পড়ে যায়। এতে কন্টেইনার থেকে অধিকাংশ ফর্নেস অয়েল সড়কে ছড়িয়ে পড়ে। সড়কের ওই অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়লে হাইওয়ে পুলিশ ওই অংশ বন্ধ রেখে পাশের দুই ছোট লেনে যান চলাচলের ব্যবস্থা করে।
এদিকে নির্মাণাধীন এই মহাসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো ইন্টারন্যাশনালের কর্মকর্তা কামাল আহমেদ জানান, কন্টেইনার থেকে ফার্নেস ওয়েল পড়ার পরপরই গাড়ির চাকায় চাকায় সেটি এক কিলোমিটার অংশে ছড়িয়ে গেছে। এতে এই এক কিলোমিটার অংশের সড়কের পিচ নষ্ট হয়ে গেছে। নতুন পিচ দিয়ে আবারও এই অংশটি কার্পেটিং করতে হবে বলে তিনি জানান। আপাতত বালু ফেলে সড়কের ওই অংশ চলাচলের কিছুটা উপযোগী করার চেষ্টা করছেন তারা। দুর্ঘটনার পর লরিটি আটক করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় গুরুতর আহত লরিচালক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় লরি উল্টে ফার্নেস অয়েল পড়ে এক কি.মি সড়ক চলাচলের অনুপযোগী
এপ্রিল ২৩, ২০২৫


































