বগুড়া ব্যুরো :
বগুড়ায় চোর সন্দেহ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের রাজাপুর হটিলাপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত মুক্তার আকন্দ (২৮) বগুড়া সদরের মাটিডালী উত্তরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তার আকন্দ নামের ওই যুবক রাজাপুর হটিলাপুর গ্রামের রাস্তায় সন্দেহজনক ঘোরা ফেরা করছিলেন। গ্রামের লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন উত্তর দিতে না পারলে তাকে মারপিট করে। সংবাদ পেয়ে পুলিশ মুক্তার আকন্দকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২ টার দিকে মুক্তার আকন্দ মারা যান। শাহিনুজ্জামান বলেন, এঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। এদিকে স্থানীয় লোকজন জানান, কয়েকমাস আগে থেকে হটিলাপুর গুচ্ছগ্রামে বসবাস শুরু করেন মুক্তার আকন্দ। এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিল। তার নির্দিষ্ট কোন পেশা ছিল না। গভীর রাতে বাহিরে ঘোরাঘুরি করতেন।
বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যা
ফেব্রুয়ারি ২৯, ২০২৪
































