বগুড়া ব্যুরো :
বগুড়ার গাবতলী থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নারী শিশু মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম (রানু) কে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম উত্তর পাড়া গ্রামের আব্দুল করিম ওরফে করম আলী মাস্টারের ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাবতলী থানার ওসি আশিক ইকবাল ও র্যাব-১২ সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম রানু ২০০৫ সালে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন (ধর্ষণ) মামলার আসামি হন। গ্রেফতারের পর জামিনে ছাড়া পেয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান। ২০১০ সাল থেকে গাজীপুরে ছদ্মবেশে বসবাস শুরু করেন।
বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওই মামলায় ২০১৫ সালের ১ ডিসেম্বর তাকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা জানতে পারেন, সাজাপ্রাপ্ত এই পলাতক আসামি গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে তাকে বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, আমিনুল ইসলাম রানুকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার নেতা ছিল।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
জানুয়ারি ২৮, ২০২৫
































