বগুড়া ব্যুরো:
বগুড়ার শাহজাহানপুরে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার করেছে দুই তরুণ। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার নয়মাইল এলাকায় হাইওয়ে সড়কের পাশে থেকে শিশুটিকে উদ্ধার করে তরুণরা। পরে তারা শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে দেন। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শেরপুর উপজেলার কালদাপাড়া গ্রামের -আহসানুল কবীরের ছেলে হামিম ও মহিপুর গ্রামের মহাজ্জল হোসেনের ছেলে তানভীর শিশুকে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসকগণ নবজাতকটির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে। পরে হাসপাতালের ওয়ার্ড বয় আলামিন-এর সহযোগিতায় শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
উদ্ধারকারী তরুণ তানভীর জানান, শনিবার রাত ১০টার দিকে জামালপুর এলাকায় মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো কিছু দেখে সন্দেহ হয়। পরে দেখেন কাপড়ের ভেতরে একটি শিশু রয়েছে। প্রথমে তিনি শিশুটিকে মৃত ভাবেন এবং তার সঙ্গে থাকা বন্ধু হামিমকে ডাকেন।পরে শিশুটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কান্নার শব্দ শুনে বুঝতে পারেন নবজাতকটি জীবিত। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন।
শজিমেক হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল স্টাফ আল-আমিন জানান, নবজাতকটি ছেলে এবং তার বয়স আনুমানিক একদিনের মতো হবে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবর নিয়েছেন। কোনো ব্যক্তি শিশুটিকে দায়িত্ব নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথাও জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মহাসড়কে পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক
নভেম্বর ২৩, ২০২৫
































