বগুড়া ব্যুরো:
বগুড়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই সরে যায়। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে শনাক্ত করা হয়। ওই সময় পিছন থেকে আসা একটি নোহা মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় এক হেলপার মারা গেছেন। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
সেপ্টেম্বর ২৫, ২০২৫


































