দৈনিক আমন্ত্রণ বগুড়া প্রতিবেদক :
বগুড়ায় ‘ককটেল হামলায়’ দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বগুড়ার উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় পাঁচজন নামীয়সহ অজ্ঞাতপরিচয়ে কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টায় শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘুনপাড়া এলাকায় এক নারী ৯৯৯ ফোন করে মারধরের কথা জানান। খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে থামতে বললে ওই যুবক ককটেল নিক্ষেপ করে। এতে ওই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ককটেল ছোড়ার সময় ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানায় পুলিশ।
ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশ ও ডিবির টিম কাজ করছে।
বগুড়ায় পুলিশের ওপর ‘ককটেল হামলা’, ৫ জনের নামে মামলা
এপ্রিল ১২, ২০২৪
































