বগুড়া ব্যুরো :
বগুড়ায় পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২০ এপ্রিল) বগুড়া সদর উপজেলা, ধুনট উপজেলা, শেরপুর উপজেলা, কাহালু উপজেলা ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অফিশিয়াল ফেসবুক প্রফাইলে সতর্ক করে স্ট্যাটাস দেন। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ জানান, তার মোবাইল নাম্বার ক্লোন করে কয়েকজনের কাছে ফোন দিয়েছিলো। যাদের কাছে ফোন দিয়েছিলো তারা সেটি বুঝতে পেরে তাকে অবগত করেন। এতে তিনি বিষয়টি জানতে পারেন। পরে সকলকে সতর্ক করে স্ট্যাটাস দেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃস্টফার হিমেল রিছিল বলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। তারা তাৎক্ষণিক আমাকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন ঘটনা ঘটিয়েছে। এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সবাইকে সতর্ক করেছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট করে সবাইকে সর্তক করি এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় পাঁচ ইউএনওদর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
এপ্রিল ২২, ২০২৫


































