বগুড়া ব্যুরো :
বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির প্রতিবাদে ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি পালন করেছে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ইন্সটিটিউটের ফটকে এই প্রতিবাদ জানায়।
শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবিগুলো কাকতাড়ুয়ার গায়ে লিখে তাতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কর্তৃক আন্দোলন শিথিলের জন্য দেওয়া নোটিশও প্রত্যাখ্যান করেন তারা। এর আগে কাকতাড়ুয়া নিয়ে কলেজের ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, তারা কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি ঘোষণা করবে, সেই অনুযায়ী তারা কাজ করবে।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাগর ইসলাম সজিব বলেন, “আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবিকে পুড়িয়ে দিয়েছি। যদি এই দাবির একটিও পূরণ করার চেষ্টা করা হয়, তবে আমরা তা প্রতিহত করব। প্রয়োজনে জীবন দিতেও আমরা প্রস্তুত, তবুও রাজপথ ছাড়ব না।”
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের কাকতাড়ুয়া দহন কর্মসূচি
সেপ্টেম্বর ২১, ২০২৫
































