বগুড়া ব্যুরো:
বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেলেও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বগুড়া-২, ৬ ও ৭ আসনের একাধিক কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর অপেক্ষায় নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন আরও দীর্ঘ হয়।
শিবগঞ্জের বানাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বুলুর সরকারি প্রাথমিক বিদ্যলয়, বুড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যলয়, সদরের গোকুল বালিকা উচ্ছ বিদ্যালয়, বাঘোপাড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শহরের তাপসী রাবেয়া কেন্দ্র হাসনা জাহান কেন্দ্রে নালী ভোটারদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।
এদিকে বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও নাডুয়ামালা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। অনেকেই সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে আসেন।
লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার আমজাদ হোসেন বলেন, আগের অনেক নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার শান্তিপূর্ণ পরিবেশ দেখে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করছেন তিনি। একই কেন্দ্রের নতুন ভোটার আলম রায়হান বলেন, নাগরিক দায়িত্ব পালনের জন্য আগেভাগেই কেন্দ্রে এসেছেন। ভোট দেওয়া সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন।
তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ কেন্দ্রের নারী ভোটার ফাতেসা বেগম জানান, পরিবারসহ সকালে কেন্দ্রে এসেছেন। দীর্ঘ লাইন থাকলেও আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন। আগের নির্বাচনের তুলনায় এবার পরিবেশ ভালো বলেও মন্তব্য করেন তিনি।
ওই কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার সময় আরেক নারী ভোটার সালেহা তাবাসুম বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে ভালো লাগছে।
তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওমর ফারুক বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি সন্তোষজনক। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কিছুটা বেশি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ২৭ জন, পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন।
নির্বাচনকে কেন্দ্র করে সাতটি আসনে দায়িত্ব পালন করছেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে জেলায় মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহলও দেখা গেছে।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয়
ফেব্রুয়ারি ১২, ২০২৬
































