বগুড়া ব্যুরো :
বগুড়ায় দিনমজুর রিপন ফকিরকে (৫০) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১০৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ মামলার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে যোগ দিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় হত্যা করা হয় রিপন ফকিরকে। মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে হুকুমের আসামী করা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কয়েকজন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, রিপন ফকির ৪ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে তিনি ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন। তারা মিছিল নিয়ে সাতমাথায় যাওয়ার সময় শহরের ঝাউতলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হুকুমের আসামীদের নির্দেশে অপর আসামীরা মিছিলটি ঘেরও করে। এরপর তারা লাঠিশোটা, কাটা রাইফেল, রিভলবার, চাইনিজ কুড়াল হাতে নিয়ে পেট্রল বোমা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে রিপন ফকির রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে রিকশা যোগে রিপন ফকিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়।
আমন্ত্রণ/এসিজি

































