বগুড়া ব্যুরো :
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বিডি ক্লিন বগুড়ার যৌথ উদ্যোগে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং লার্ভিসাইড ছিটানো হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানটি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
এছাড়া স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিএনসিসি ও স্কাউট সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনের পর পর শহরের গুরুত্বপূর্ণ এলাকা চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং এর আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার করার কাজ শুরু হয়। মশার বংশবিস্তার রোধে বিভিন্ন পয়েন্টে স্প্রে ও লার্ভিসাইড ছিটিয়ে দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসন ও বিডি ক্লিন ছাড়াও বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান আয়োজকেরা।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
সেপ্টেম্বর ১২, ২০২৬































