বগুড়া ব্যুরো :
বগুড়া করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার চক আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম বগুড়া শহরের নারুলী নতুন পাড়া এলাকার খাজা নাজিম উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, লাভলী বেগম গত ছয় বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে আটকে রাখতেন। মঙ্গলবার সকালে তিনি কৌশলে বাড়ি থেকে বের হয়ে সাবগ্রাম বাজার এলাকায় যান। পরে বেলা পৌনে ১১ টার দিকে চক আকাশতারা এলাকায় রেললাইনের পাশে অবস্থানকালে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবার ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সেপ্টেম্বর ৯, ২০২৬
































