বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হলে আহসান হাবিব সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। তিনি একটি ট্রাক থামানোর পর পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি তার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের আদাবর রহমানের ছেলে ।
এদিকে একই রাতে পৃথক দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত নাজমুল হক শুভ (২৮) ঢাকার শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন।
রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, আহত ৫
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
































