প্রদীপ মোহন্ত, বগুড়া অফিস :
বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বজনরা। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ পৌর এলাকার আচঁলাই(দাড়ারপাড়) মহল্লার তাজুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহতের স্বামী বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ১২ শতক জমি নিয়ে তাজুল ইসলামের সঙ্গে তার ভাই ছামসুল ইসলামের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিলো। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি গ্রাম থেকে তাজুল ইসলামের স্ত্রী ফিরোজা, ছেলে এরশাদ ও এক ভাতিজা অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চক ভোলাখাঁ এলাকায় সামছুল ইসলাম ও তার ছেলেরা অটোরিকশাটি থামিয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের মারপিট করে। এসময় ফিরোজা বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ফিরোজা বেগম মারা যান।
ওসি বলেন, ‘বুধবার রাতেই তাজুল ইসলাম ওই ঘটনায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আপেল প্রামানিক (২৬) চক ভোলাখাঁ গ্রামের দছি প্রামানিকের ছেলে।’ ফিরোজা বেগমের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


































